পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ ৭ বছরের খরা কাটিয়ে বড় মাপের খেতাব জিতলেন পিভি সিন্ধু। বিশ্বের ৩ নম্বর তারকা জাপানের আকানে ইয়ামাগুচিকে ২১-১৭, ২১-১৭ পয়েন্টে হারিয়ে জাপান ওপেনে চ্যাম্পিয়ন হলেন দেশের ব্যাডমিন্টন তারকা। প্রথম ভারতীয় হিসেবে জাপান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন সিন্ধু। 

প্রথম গেমে শুরুতেই সিন্ধু ৩-০ ব্যবধানে এগিয়ে গেলেও দারুণ প্রত্যাবর্তন করে ইয়ামাগুচি। সমতা ফিরিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়েও যান জাপানি তারকা।

বিরতির পর খেলা শুরু হতেই একেবারে অন্য মেজাজে সিন্ধু। আক্রমণে আরও বেশি সক্রিয় হয়ে ওঠেন। একসময় ফের এগিয়েও যান। পরে ফের ম্যাচে ফিরে আসেন ইয়ামাগুচি। স্কোর দাঁড়ায় ১৭-১৭।
শেষপর্যন্ত প্রথম গেম পয়েন্ট কাজে লাগিয়ে ২১-১৭ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সিন্ধু। 

দ্বিতীয় গেমও দুর্দান্তভাবে শুরু করেন সিন্ধু। শুরুতেই একের পর এক স্ম্যাশ মেরে একটা চাঞ্চল্যকর র‌্যালি জিতে নেন। দ্বিতীয় গেমে ইয়ামাগুচিতে দেখে ক্লান্ত মনে হচ্ছিল। সেই সুযোগে ৮-৩ ব্যবধানে এগিয়ে যান সিন্ধু।

বিরতি থেকে ফিরে এসে আরও ৩ পয়েন্ট তুলে নেন। তখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের চোখেমুখে হতাশার ছাপ। এরপর আধিপত্য দেখিয়ে সিন্ধু দ্রুত ১৬-১২ পয়েন্টে এগিয়ে যান। ঘরের দর্শকদের সমর্থনে উজ্জীবিত হয়ে ম্যাচে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন  ইয়ামাগুচি। তিনি ব্যবধান কমিয়ে ১৫-১৭ করে ফেলেন। এরপর ২০-১৭ অবস্থায় পরপর তিনটি ম্যাচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন সিন্ধু।