পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের অন্য কয়েকটি অংশের মতো এবার কলকাতাতেও ফের উদ্বেগ বাড়াল করোনার সংক্রমণ। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১ বছরের বালক আক্রান্ত হল করোনায়। বর্তমানে আইসোলেশনে রেখে তার চিকিৎসা চলছে।
সূত্রের খবর, শিশুটির শারীরিক অবস্থা জটিল হলেও তবে স্থিতিশীল। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তার শারীরিক অবস্থার উপর নজর রাখছে।গড়িয়া এলাকার বাসিন্দা ওই ১১ বছরের বালককে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

গত কয়েকদিন ধরে তার জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল। বাড়িতে প্রাথমিক চিকিৎসা চললেও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের সন্দেহ হওয়ায় একাধিক পরীক্ষা করা হয়। শিশুটির বুকের এক্স-রে, ভাইরাল লোড পরীক্ষা এবং কোভিড পরীক্ষার জন্য সোয়াব নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায়, সে সার্স-কোভ-২ ভাইরাসে আক্রান্ত। একইসঙ্গে বুকের এক্স-রেতে ডান দিকের ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণও ধরা পড়ে।
এরপরই তাকে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।
চিকিৎসক জানান, সাপোর্টিভ চিকিৎসার পাশাপাশি অক্সিজেনের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা চলছে। শিশুটির শরীরে অক্সিজেন পরিমাণ ঠিক রয়েছে। কিন্তু বারবার নেবুলাইজেশন দিতে হচ্ছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, সংক্রমণের আশঙ্কা থাকায় শিশুটির মা-কেও আইসোলেশনে রাখা হয়েছে।
তাঁরও কোভিড পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়া যাবে মঙ্গলবার। চিকিৎসকরা পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, আবারও রাজ্য তথা দেশে মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা । কোভিড পজিটিভ হয়েছেন কুমার শানুর পুত্র-সহ আরও অনেকে। নিজের শারীরিক অবস্থার কথা নিজেই সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। সাম্প্রতিক সপ্তাহে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কডপা জেলায় আটজন সক্রিয় করোনা রোগী শনাক্ত হওয়া এবং চার রোগীর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য প্রশাসন।