পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। আর এই বিয়ের খবরের পর থেকেই তাঁকে ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। এবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিয়ো ক্লিপ এবং পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের তরফ থেকে অভিনেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই হুমকি পোস্টটি লরেন্স বিশ্নোইয়ের ভাই আরজ়ু বিশ্নোই এবং টাইসন বিশ্নোইয়ের নামে প্রকাশ করা হয়েছে।
ওই পোস্টে আমির খানের বিরুদ্ধে দেশে 'লাভ জিহাদ' প্রচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, আমির খানের মতো মানুষ দেশে তথাকথিত লাভ জিহাদকে উৎসাহ দিচ্ছেন, যা সনাতন ধর্ম ও ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। লরেন্স বিশ্নোই গ্রুপের নাম করে ওই পোস্টে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, তাঁরা এমন ব্যক্তিকে কোনোভাবেই মেনে নেবেন না এবং খুব শিগগিরই আমির খানকে এর চরম ফল ভোগ করতে হবে।আরও পড়ুন:
শুধু তাই নয়, ওই পোস্টে দেশের নাগরিকদের আশ্বস্ত করে বলা হয়েছে যে, যারা এ ধরনের কাজকে প্রশ্রয় দেবে বা উৎসাহ জোগাবে, গ্যাং তাদের নিজস্ব স্টাইলে সেই সমস্ত মানুষের মোকাবিলা করবে।
খ্যাতির আড়ালে লুকিয়ে যারা এসব করছে, তাদের চিরতরে চুপ করিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই পোস্ট এবং সংশ্লিষ্ট ভয়েস নোটের মাধ্যমে হুমকির বিষয়টি ইতিমধ্যে মুম্বই পুলিশের নজরে এসেছে। পুলিশ বর্তমানে ওই পোস্ট এবং অডিয়োর সত্যতা ও উৎস যাচাই করে দেখছে। তবে, এখনও পর্যন্ত আমির খান বা তাঁর টিমের তরফ থেকে পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়লেই নির্দিষ্ট আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।