ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনা বাধাগ্রস্ত করতে ইসরায়েলের অর্থায়নে একটি গোপন প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জনপ্রিয় পডকাস্ট ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

ভ্যান্সের অভিযোগ, ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেলের নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠান ইসরায়েল সরকারের অর্থায়নে এই প্রচারণা পরিচালনা করছে। তাঁর দাবি, এই কার্যক্রমের উদ্দেশ্য ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত কূটনৈতিক উদ্যোগ ও সম্ভাব্য শান্তি চুক্তিকে দুর্বল করা।

তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনার পক্ষে কাজ করায় প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করছেন। ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে ‘ক্লক টাওয়ার এক্স’ নামের একটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে, যা গত বছরের সেপ্টেম্বর থেকে ইসরায়েলের পক্ষে প্রভাব বিস্তারমূলক কার্যক্রম চালিয়ে আসছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফারা)’ সংক্রান্ত নথিতে দেখা যায়, প্রচারণার প্রকাশ্য উদ্দেশ্য ছিল ইহুদিবিদ্বেষ মোকাবিলা করা। তবে ভ্যান্সের দাবি, প্রকৃত লক্ষ্য ছিল তরুণ রক্ষণশীল মার্কিনিদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব গড়ে ওঠা ঠেকানো এবং ইরান প্রশ্নে প্রশাসনের কূটনৈতিক অবস্থানের বিরুদ্ধে জনমত প্রভাবিত করা।

সম্প্রতি ইরান যুদ্ধ অবসান সংক্রান্ত এক সমঝোতা স্মারকের সমালোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে যে সমন্বিত প্রচারণা দেখা গিয়েছিল, সেটিকেও এই কার্যক্রমের অংশ বলে উল্লেখ করা হয়েছে। যদিও ব্র্যাড পারস্কেল দাবি করেছেন, তাঁদের প্রচারণার উদ্দেশ্য ছিল তরুণদের ইসরায়েলবিরোধী অবস্থান থেকে সরিয়ে আনা, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করা নয়।
মধ্যপ্রাচ্য নীতি ও ইসরায়েলকে সমর্থনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বর্তমানে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। ভ্যান্সের এই অভিযোগ নিয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।