ডিলিমিটেশন বা সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি সংসদে আনার আগে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খাড়্গে জানান, এর আগেও মার্চ ও এপ্রিলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে সর্বদলীয় বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। তবে সেই আবেদনে কোনও সাড়া মেলেনি।

তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ এপ্রিল ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাস হয়নি।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কেন্দ্র সরকার আবারও সংশোধিত ডিলিমিটেশন বিল সংসদে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। সেই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লিখে খাড়্গে দাবি করেছেন, এত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া জরুরি।

কংগ্রেসের দাবি, ডিলিমিটেশন দেশের ফেডারেল কাঠামো, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব এবং গণতান্ত্রিক ভারসাম্যের সঙ্গে সরাসরি জড়িত। তাই বিলটি সংসদে তোলার আগে সর্বদলীয় ঐকমত্য গড়ে তোলাই হবে সবচেয়ে গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক পদক্ষেপ।