রান্নার গ্যাস সরবরাহে বড় পরিবর্তনের পথে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম (এইচপি)। এবার বুকিং করার মাত্র ১০ মিনিটের মধ্যেই গ্রাহকের দরজায় পৌঁছে যেতে পারে গ্যাস সিলিন্ডার। এই পরিষেবা চালু করতে একটি শীর্ষ কুইক-কমার্স সংস্থার সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে বেঙ্গালুরুতে এই পরিষেবা চালু হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য বড় শহরেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এই পরিষেবার মাধ্যমে ৫ কেজি ও ১০ কেজির এলপিজি সিলিন্ডার দ্রুত গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তবে ডেলিভারি চার্জ বা সিলিন্ডারের মূল্য সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা পেতে গ্রাহকের এইচপির এলপিজি সংযোগ থাকা বাধ্যতামূলক নয়। অন্য যে কোনও তেল সংস্থার গ্রাহকরাও প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার অর্ডার করতে পারবেন। সংশ্লিষ্ট মহলের মতে, রাষ্ট্রায়ত্ত সংস্থার এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে অন্যান্য তেল সংস্থাও একই ধরনের পরিষেবা চালু করতে পারে।
অন্যদিকে, কলকাতাসহ দেশের বিভিন্ন মহানগরে শীঘ্রই ১০ কেজির ফাইবার এলপিজি সিলিন্ডার চালুর প্রস্তুতিও চলছে। যুদ্ধজনিত পরিস্থিতিতে গ্যাস সরবরাহে অনিশ্চয়তার কারণে ১৪.২ কেজির নতুন গৃহস্থালি সংযোগ আপাতত বন্ধ থাকলেও, ১০ কেজির নতুন সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বর্তমানে ২ কেজি ও ৫ কেজির সিলিন্ডার পাওয়া গেলেও এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ১০ কেজির ফাইবার সিলিন্ডার। তবে এর জন্য গ্রাহকদের তুলনামূলক বেশি খরচ করতে হতে পারে। প্রাথমিকভাবে ১০ কেজির একটি সিলিন্ডারের জন্য প্রায় ১,৬০০ টাকা ব্যয় হতে পারে বলে জানা গেছে। কীভাবে এই সংযোগ মিলবে এবং বুকিং প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তেল সংস্থাগুলি শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে।