দিল্লির যন্তর মন্তর থেকে শনিবার ভোরে অনশনরত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দীর্ঘদিনের অনশনের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতালের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ অনশন ও ডিহাইড্রেশনের কারণে তাঁর শরীরে দুর্বলতা দেখা দিয়েছে।

তাই তাঁকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, দিল্লি পুলিশের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে অংমো। তিনি দাবি করেছেন, পরিবারের অনুমতি ছাড়া সোনম ওয়াংচুকের কোনও চিকিৎসা শুরু করা উচিত নয়। তবে হাসপাতালের প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে পরিবারের সম্মতি নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কোনও উল্লেখ করা হয়নি।


ওয়াংচুককে হাসপাতালে আনার আগেই সফদরজং হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হাসপাতালের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সুষ্ঠু তদন্ত, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।