পুবের কলম ওয়েব ডেস্ক: পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণের নথি কি না, তা নিয়ে চলমান বিতর্কের মধ্যে মঙ্গলবার এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে বিদেশ মন্ত্রক (এমইএ)। মন্ত্রকের বক্তব্য, পাসপোর্ট হল এমন একটি নথি, যা ভারতীয় নাগরিকদের দেশত্যাগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইস্যু করে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নির্ধারিত যাচাই-বাছাই প্রক্রিয়ার পরই পাসপোর্ট ইস্যু করা হয়। তিনি আরও জানান, বর্তমানে ভারতের মোট নাগরিকের ৮ শতাংশেরও কম মানুষের কাছে পাসপোর্ট রয়েছে।
আরও পড়ুন:
গত ২৪ জুন ‘পাসপোর্ট সেবা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা বলেছিলেন, পাসপোর্ট মূলত একটি ভ্রমণ নথি, নাগরিকত্ব প্রমাণের নথি নয়।
বিভিন্ন রাজ্যে এসআইআরে পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবেই ওই মন্তব্য করা হয়েছিল। তাঁরা স্পষ্ট করেন, বিদেশ ভ্রমণের জন্যই পাসপোর্ট ইস্যু করা হয়, এটি নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে বিবেচিত হয় না।আরও পড়ুন:
বিদেশ মন্ত্রকের এই মন্তব্যের পর কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল তীব্র প্রতিক্রিয়া জানায়। কংগ্রেস প্রশ্ন তোলে, যদি পাসপোর্ট নাগরিকত্বের স্বীকৃতি না হয়, তবে তা কীভাবে ইস্যু করা হয়। তাদের অভিযোগ, সরকারের সঙ্গে মতভেদ রয়েছে এমন ভারতীয়দের নাগরিকত্ব ইচ্ছা-মতো কেড়ে নেওয়ার বা অস্বীকার করার ভিত তৈরি করছে কেন্দ্র।