পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আগে মতুয়া ও নমঃশূদ্র সমাজের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়া নিয়ে ক্ষোভের মাঝেই তিনি আশ্বাস দিয়েছেন— বিজেপি সরকার গড়লেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় গতি আনা হবে। শনিবার বর্ধমানের কাটোয়ার জনসভা থেকে মোদী বলেন, মতুয়া ও নমঃশূদ্রদের মতো শরণার্থীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই Citizenship Amendment Act (সিএএ) আনা হয়েছে। তাঁর বক্তব্য, “মতুয়া-নমঃশূদ্ররা কারও দয়ায় নয়, সংবিধানের অধিকারেই সুরক্ষিত।

বিজেপি সরকার গড়লেই নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত এগোবে।”
 
উল্লেখ্য, এসআইআর পর্বে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ পড়ায় ক্ষোভ তৈরি হয়। স্থানীয় বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিল, সিএএ-তে আবেদন করলে নাগরিকত্ব মিলবে এবং পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে। তবে সেই আশ্বাস আগে সরাসরি মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে না শোনায় অসন্তোষ বাড়ছিল মতুয়া সমাজে।
এই পরিস্থিতিতে মোদীর নতুন ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এখনও অনিশ্চয়তা কাটেনি— যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা স্পষ্ট নয়। অনেকেই ইতিমধ্যে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি বর্তমানে সর্বোচ্চ আদালতের বিচারাধীন।
 
এদিনের সভা থেকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে এবং যাঁরা তাদের সাহায্য করেছেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে।