পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় ক্ষমতার পালাবদল হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথের দিন, বড় পদক্ষেপ নিল লালবাজার। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ করে দিল কলকাতা পুলিশ। বর্তমানে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডল এখন যে অ্যাকাউন্টগুলোকে অনুসরণ করছে, সেই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
এদিকে শনিবার দুপুর পর্যন্ত শুভেন্দুর প্রোফাইলে ‘বিরোধী দলনেতা’ লেখা থাকলেও, প্রশাসনিক স্তরে তাঁকে অনুসরণের মাধ্যমে পুলিশ বুঝিয়ে দিয়েছে যে রাজ্যের ক্ষমতার ভরকেন্দ্র এখন পরিবর্তিত। সবমিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজমাধ্যমে আনফলো করল পুলিশ।
আরও পড়ুন:
অন্যদিকে মমতা ও অভিষেকের নিরাপত্তা বলয়ে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। গত ৪ মে নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল সুপ্রিমোর বাড়ির সামনে থেকে কমানো হয়েছে নিরাপত্তার বহর।
দীর্ঘ বছর ধরে তাঁর বাড়ির রাস্তায় যে বিশেষ চ্যানেল-ট্র্যাক এবং আধুনিক গার্ডরেল ছিল, তা সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাসভবন থেকেও নিরাপত্তারক্ষীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, প্রোটোকল অনুযায়ী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু নিরাপত্তা পাওয়ার যোগ্য, সেটুকুই তাঁকে দেওয়া হবে। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একজন সাংসদ হিসেবে প্রয়োজনীয় সুরক্ষা পাবেন। বাড়তি কোনো নিরাপত্তা বা বিশেষ সুবিধা আর তাঁদের দেওয়া হবে না।