পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মাটি থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিয়ে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী পদের চেয়ারে বসে মিথ্যা কথা বলা শোভা পায় না। একইসঙ্গে এনআরসি ইস্যুতে অসমের মুখ্যমন্ত্রীকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি উত্তরবঙ্গে এক জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন যে, উত্তরবঙ্গের উন্নয়নে কোনো কাজ হয়নি। বৃহস্পতিবার রাসমেলা ময়দান থেকে তার কড়া জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন।

বেশিদিন থাকবেন না। কিন্তু যে ক’দিন আছেন, দয়া করে মিথ্যা কথা কম বলুন।”
 
তৃণমূল নেত্রীর দাবি, তাঁর সরকার উত্তরবঙ্গের জন্য এ যাবৎ ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা খরচ করেছে। তিনি আরও বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটি ছোট দপ্তর। তার বাজেট দিয়ে সেতু বা বিশ্ববিদ্যালয় হয় না।
কথা বলার আগে ক্রস চেক করুন। পার্টি যা শেখাচ্ছে, তাই বলে দিচ্ছেন। আপনি মিথ্যের ফুলঝুরি ছোটাচ্ছেন।”

কোচবিহারের রাজবংশীদের এনআরসি নোটিস পাঠানো নিয়ে অসম সরকারকে কাঠগড়ায় তুলেছেন মমতা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম না করে তিনি অভিযোগ করেন, অসমের বিজেপি সরকার কোচবিহারের রাজবংশীদের এনআরসি নোটিস পাঠাচ্ছে।

আগে নিজেদের সরকার সামলানো উচিত। মমতার অভিযোগ, বিজেপি বাংলার বাইরে থেকে লোক এনে ভোট করানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, “এখন শুনছি ট্রেনের বগি বুক করে লোক আনা হবে। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তারা এখানে ঢুকবে। নিজের রাজ্যেও বাইরে থেকে লোক এনে ভোট করিয়েছে, এখন বাংলায় উঁকিঝুঁকি মারছে।”