বিশ্বকাপের ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা। বৃহস্পতিবার দলের অনুশীলনে ছিলেন না দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরো। টানা ম্যাচ খেলার ধকল এবং পেশিতে অতিরিক্ত চাপের কারণে তাদের বিশ্রামে রাখা হয়েছে।

দলের বাকি খেলোয়াড়রা স্বাভাবিক অনুশীলন করলেও ইয়ামাল ও পোরোকে আলাদাভাবে ফিটনেস ট্রেনিং করতে দেখা যায়।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে। অনুশীলনের সময় তার বাঁ উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে, যা পুরোনো চোটের ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়েও একই চোটে ভুগেছিলেন তিনি। গ্রুপ পর্বে তাকে সতর্কতার সঙ্গে খেলানো হলেও নকআউট পর্বের টানা তিনটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ইয়ামাল।

অন্যদিকে, ডিফেন্ডার পেদ্রো পোরোও বিশ্বকাপে স্পেনের পাঁচটি ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের জয়ে ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল, আর পোরোর দুর্দান্ত দৌড় থেকেই আসে স্পেনের দ্বিতীয় গোল।

আগামী রবিবার নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্প্যানিশরা, আর আর্জেন্টিনার লক্ষ্য থাকবে চতুর্থ শিরোপা। এখন সবার নজর, ইয়ামাল ও পোরো ফাইনালের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন কি না।