পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর সদ্য গঠিত ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) সরকারকে ফেলার এক গভীর ষড়যন্ত্রের হদিশ পেল চেন্নাই পুলিশ। দলীয় বিধায়কদের কোটি কোটি টাকার ঘুষ দিয়ে কেনাবেচার এই গোপন ব্লু-প্রিন্টটির সাঙ্কেতিক নাম দেওয়া হয়েছে "প্রজেক্ট মেঘালয়"। এই মামলার তদন্তে নেমে চেন্নাই পুলিশ এ সপ্তাহে রাজ্যের এক প্রবীণ টেলিভিশন সাংবাদিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণের এই রাজ্যের রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে টিভিকে-র অন্তত ১৫ জন বিধায়ককে দলে টানার ছক কষা হয়েছিল।

যাতে বিধানসভায় ভোটাভুটির সময় তাঁরা দলের হুইপ অমান্য করে সরকারের বিপক্ষে ভোট দেন।

এই চাঞ্চল্যকর মামলার সূত্রপাত টিভিকে-র উথাঙ্গরাইয়ের বিধায়ক এন ইলাইয়ারাজার একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে। বিধায়কের দাবি, 'আইপিডিএস' নামক একটি জনমত সমীক্ষা সংস্থা পরিচালনাকারী ইউটিউবার তিরুনাভুক্কারাসু এবং তাঁর সহযোগীরা তাঁকে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ৩৫ কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছিল। বিধায়ক ইলাইয়ারাজা আরও অভিযোগ করেন, এই লোভনীয় প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করার পর থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই ষড়যন্ত্রের পরিধি অনেক বড় এবং এর পেছনে একটি সুসংগঠিত চক্র কাজ করছে যা "প্রজেক্ট মেঘালয়" নামে পরিচিত।

এই মামলার তদন্তের সূত্রে আঞ্চলিক নিউজ চ্যানেল 'পুথিয়া থালাইমুরাই'-এর প্রবীণ সাংবাদিক বিজয়নকে জেরা করেছে পুলিশ।