পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের কোটা শহরের ‘নিউ মেডিকেল কলেজ হাসপাতাল’-এ সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে যাওয়া পাঁচ প্রসূতি এবার চরম সিদ্ধান্ত নিলেন। অবিরত যন্ত্রণাদায়ক ডায়ালিসিস নিতে অস্বীকার করে অবিলম্বে কিডনি প্রতিস্থাপনের দাবিতে অনড় এই মহিলারা। জেলা প্রশাসনের কাছে দেওয়া তাঁদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কোনো আশ্বাস ছাড়াই পেরিয়ে যাওয়ায়, অবশেষে প্রসূতিদের পরিবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠিয়েছেন। তাঁদের দাবি— হয় সরকার অবিলম্বে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করুক, অন্যথায় তাঁদের ‘ইচ্ছামৃত্যু’র অনুমতি দেওয়া হোক।

উল্লেখ্য, গত মে মাসের শুরুতে কোটার এনএমসিএইচ এবং জে কে লোন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ইনফেকশন ও জটিলতার কারণে পাঁচজন প্রসূতির মৃত্যু হয়েছিল। আর এই পাঁচজন নারী— ধন্নি সুমন, রাগিনী মীনা, সুশীলা মহাবর, পিঙ্কি আইরওয়াল এবং আরতি চৌবদার— কোনোমতে বেঁচে ফিরলেও তাঁদের দুটি কিডনিই বিকল হয়ে যায়। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি আড়াল করতে প্রতিনিয়ত তাঁদের ওপর হাসপাতাল থেকে ডিসচার্জ (ছুটি) নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।

জেলা প্রশাসনের কাছে কিডনি প্রতিস্থাপনের লিখিত আশ্বাসের জন্য প্রসূতিদের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

এরপরই পরিবারগুলি রাষ্ট্রপতিকে চিঠি লেখে। ধন্নি সুমনের স্বামী মোহন লাল কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমরা ওদের এভাবে তিলে তিলে কষ্ট পেতে আর দেখতে পারছি না। সরকার যদি লিখিতভাবে কিডনি প্রতিস্থাপনের আশ্বাস না দেয়, তবে আমরা ডায়ালিসিসের জন্য ওদের আর হাসপাতালে আনব না এবং ওদের মরতে ছেড়ে দেব। আমরা এখন জীবন্ত লাশের মতো বেঁচে আছি।" তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে নিউ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রসূতিদের চিকিৎসা সঠিকভাবেই চলছে এবং বর্তমানে সমস্ত রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।