শুধু গবেষণাগারে নতুন প্রযুক্তি বা উন্নত বীজ উদ্ভাবন করলেই চলবে না, সেই সাফল্য কৃষকদের মাঠে পৌঁছে দিতে হবে। ‘ল্যাব টু ল্যান্ড’ নীতির উপর জোর দিয়ে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
আরও পড়ুন:
বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এর ৯৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, গবেষণার প্রকৃত সাফল্য তখনই, যখন তার সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছায় এবং উৎপাদন বাড়াতে কাজে লাগে।
আরও পড়ুন:
মন্ত্রী জানান, গত এক বছরে আইসিএআর ৪৪টি ফসলের ৩৮৬টি উন্নত জাতের বীজ উদ্ভাবন করেছে। এর মধ্যে ৯৪ শতাংশ জলবায়ু-সহনশীল এবং ২৯টি বায়ো-ফর্টিফায়েড জাত, যা পুষ্টিগুণ বৃদ্ধিতে সহায়ক।
আরও পড়ুন:
শিবরাজ সিং চৌহান বলেন, “আবিষ্কার অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তা যদি বাস্তবে কৃষকদের কাজে না লাগে, তবে বিজ্ঞানীদের পরিশ্রমের পূর্ণ মূল্যায়ন হয় না।” তাঁর কথায়, “কৃষক হলেন কৃষির আত্মা, আর বিজ্ঞানীরা তার মস্তিষ্ক।”
আরও পড়ুন:
তিনি কৃষি গবেষণায় চাহিদাভিত্তিক উদ্ভাবন, জলবায়ু-সহনশীল চাষাবাদ, ডাল ও তৈলবীজে স্বনির্ভরতা, মানসম্মত কৃষি শিক্ষা, প্রযুক্তির বাণিজ্যিকীকরণ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর মাধ্যমে নতুন প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর মতে, এই লক্ষ্য বাস্তবায়িত হলে ‘বিকশিত ভারত ২০৪৭’ গঠনের পথে কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন:
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর, ভগীরথ চৌধুরী, মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প এবং পঞ্চায়েতিরাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং (লালন) এবং প্রতিমন্ত্রী এস. পি. সিং বাঘেল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।