পুবের কলম ওয়েব ডেস্ক: মহাকাশ গবেষণার ক্ষেত্রে ফের উজ্জ্বল ভারতীয় বংশোদ্ভূতদের নাম। সুনীতা উইলিয়ামসের পর এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেনন। মঙ্গলবার ইতিহাস গড়ে টানা আট মাসের দীর্ঘ মিশনে মহাশূন্যে পাড়ি দিলেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই প্রতিভাবান বিজ্ঞানী।

কাজাখস্তানের ঐতিহাসিক বৈকানুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে তিনি এই যাত্রা শুরু করেন। ঘটনাচক্রে, এই বৈকানুর থেকেই ভারতের প্রথম নভোচর রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিয়েছিলেন।

বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের মাত্র তিন ঘণ্টা পর রাত ১১টা ২৬ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের 'প্রিচাল' মডিউলে স্বয়ংক্রিয়ভাবে ডকিং করবে মহাকাশযানটি। এই যাত্রায় অনিলের সঙ্গী হয়েছেন রাশিয়ার দুই অভিজ্ঞ নভশ্চর পিওতর দুব্রভ এবং আন্না কিকিনা। দুই রুশ মহাকাশচারীর এটি দ্বিতীয় মিশন হলেও, অনিলের ক্ষেত্রে এটিই প্রথম মহাকাশযাত্রা। জানা গিয়েছে, চলতি মিশনে তিনি ফ্লাইট ইঞ্জিনিয়ারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।

অনিল মেননের এই মহাকাশযাত্রা ঘিরে গোটা ভারতেই প্রবল উৎসাহ তৈরি হয়েছে, বিশেষ করে কেরলে।

কারণ, তাঁর পারিবারিক শিকড় জড়িয়ে রয়েছে ওই রাজ্যেই। আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিসে জন্ম নেওয়া অনিলের বাবা ভারতীয় হলেও তাঁর মা ইউক্রেনীয়। বহুমুখী প্রতিভার অধিকারী অনিল একাধারে একজন সুপ্রশিক্ষিত নভশ্চর, চিকিৎসক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে নিউরোবায়োলজিতে ডিগ্রি লাভের পর ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চ থেকে অ্যারোস্পেস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন। এর পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং নিউরোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর ঝুলিতে।