পুবের কলম ওয়েব ডেস্কঃ ২১ শতকে মানুষের চাঁদযাত্রার নতুন অধ্যায় রচনা করে নিরাপদে পৃথিবীতে ফিরল আর্টেমিস-২ মিশন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই অভিযানের সফল সমাপ্তি মহাকাশ গবেষণায় এক বড় মাইলফলক হিসেবেই ধরা হচ্ছে। দীর্ঘ যাত্রা শেষে মহাকাশযানটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সমুদ্রে অবতরণ করে। জানা যায়, এই অভিযানে চার মহাকাশচারী পৃথিবী থেকে ৪,০৬,৭৭৮ কিলোমিটার পাড়ি দেন। আজ অবধি মহাকাশ অভিযানে সবচেয়ে দূরবর্তী পথ অতিক্রম করেন ওই মহাকাশচারীরা। শনিবার তাঁরা নির্বিঘ্নে পৃথিবীতে ফিরে এলেন।

প্যারাশুটে করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সরাসরি সেই দৃশ্য তুলে ধরে গোটা বিশ্বের সামনে।

এই মিশনের লক্ষ্য ছিল মানুষকে নিয়ে চাঁদের কক্ষপথে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসা যা ভবিষ্যতের চাঁদে মানব অবতরণের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ। মহাকাশযানটি পৃথিবী ছেড়ে যাত্রা শুরু করার পর কয়েক দিন ধরে চাঁদের কক্ষপথ ঘুরে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা এবং প্রযুক্তিগত মূল্যায়ন চালানো হয়। পুরো অভিযানের সময় মহাকাশযানের বিভিন্ন সিস্টেম, নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা করা হয়। নাসার বিজ্ঞানীদের মতে, এই অভিযান মূলত ভবিষ্যতের বৃহত্তর পরিকল্পনার অংশ।

কারণ আগামী দিনে চাঁদের মাটিতে আবার মানুষের পদচিহ্ন রাখার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আর্টেমিস কর্মসূচি। সেই লক্ষ্য পূরণের পথে আর্টেমিস-২ মিশনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। নাসার তরফে জানানো হয়েছে, গত ২ এপ্রিল ভোরে তিন মার্কিন এবং এক কানাডীয় মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘দানবীয়’ কমলা-সাদা মহাকাশযানটি চাঁদের উদ্দেশে রওনা দেয়। ৬ এপ্রিল সন্ধ্যায় সেটি গন্তব্যে পৌঁছনর পর প্রায় ৯৬০০ কিলোমিটার বেগে মহাকাশযানটি চাঁদে ঘুরে পরীক্ষানিরীক্ষা চালায়। তবে আর্টেমিস ২ পৃথিবীর একমাত্র উপগ্রহ ঘিরে চক্কর কেটেই ফিরে এসেছে। সেটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেনি।

মিশনের শেষ পর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানটি প্রচণ্ড তাপ ও চাপের মুখোমুখি হয়। এমনকি তাপমাত্রা পৌঁছেছিল ২,৭৬০ ডিগ্রি সেলসিয়াসেও। তবে সমস্ত প্রযুক্তিগত ব্যবস্থা সফলভাবে কাজ করায় অবতরণ প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়। সমুদ্রে পড়ার পর উদ্ধারকারী দল দ্রুত মহাকাশচারীদের নিরাপদে তুলে আনে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মিশনের সাফল্য ভবিষ্যতের আর্টেমিস প্রোগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী অভিযানে চাঁদের মাটিতে মানুষ নামানোর পরিকল্পনা রয়েছে। সেই বড় লক্ষ্য পূরণের পথে আর্টেমিস-২ মিশনের সফল প্রত্যাবর্তন নতুন আত্মবিশ্বাস জোগাল মহাকাশ বিজ্ঞানীদের।