‘দেশের শিক্ষা বাঁচাতে এক হোন’ স্লোগানকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানানো, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং কেন্দ্রের শিক্ষা নীতির প্রতিবাদেই এই কর্মসূচির ডাক দেয় বামপন্থী ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন, শিক্ষক-সহ বিভিন্ন গণসংগঠন।

বিক্ষোভ মিছিলটি বাঘাযতীন পার্কের সামনে থেকে শুরু হয়ে শিলিগুড়ি মুখ্য ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়।

এরপর গান্ধী মূর্তির পাদদেশে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রায় আধঘণ্টা মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

আন্দোলনকারীরা নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ছাত্রছাত্রীদের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এবং সোনম ওয়াংচুকের অনশনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, মোহন পান্ডা, রত্না চৌবে, মনি থাপা, সাগর শর্মা, নান্টু কুন্ডু, অঙ্কিত দে, সম্রাট সাহা-সহ একাধিক নেতা ও কর্মী।