পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'চিকেনস নেক' বা শিলিগুড়ি করিডরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ জুলাই, শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, সীমান্ত এলাকার সুপরিকল্পিত উন্নয়ন এবং অনুপ্রবেশ রোধের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলি এই বৈঠকের মূল আলোচনার বিষয় হতে চলেছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকারের জমি হস্তান্তরের অগ্রগতিও এখানে পর্যালোচনা করা হবে।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্য সচিব এবং সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপারদের উপস্থিত থাকার কথা রয়েছে।আরও পড়ুন:
নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করতে শিলিগুড়িকে 'ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন' হিসেবে গড়ে তোলার দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে দিল্লির। পূর্বে রাজনৈতিক বৈরিতার কারণে এই পরিকল্পনা বাস্তবায়িত না হলেও, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সেই জট কেটেছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে বিএসএফ-কে সীমান্ত বেড়া তৈরির জমি হস্তান্তরে গড়িমসির যে অভিযোগ বিজেপি তুলত, নতুন সরকারের আমলে তা দ্রুত গতিতে মিটিয়ে নেওয়া হচ্ছে।
খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, তাঁর সরকার সীমান্ত সুরক্ষা সুদৃঢ় করতে প্রতিশ্রুতি মেনে গত ১০ জুলাইয়ের মধ্যে বিএসএফের হাতে মোট ১০২৫.৭৫ একর জমি হস্তান্তর করেছে, যার মোট দৈর্ঘ্য ১৭২.৬০৯২২ কিলোমিটার।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এরজন্য জন্য সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায় এবং সবচেয়ে কম জমি পেয়েছে জলপাইগুড়ি। এছাড়া উত্তরের জেলাগুলির মধ্যে মালদহে ১৭৬.৭৮ একর, কোচবিহারে ১৩.৩৩ একর, দক্ষিণ দিনাজপুরে ২৬.৪১ একর, উত্তর দিনাজপুরে ৬.৬১ একর এবং দার্জিলিং জেলায় ৪.৩১ একর জমি হস্তান্তর করা হয়েছে। উত্তরকন্যার বৈঠকে এই জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।