পুবের কলম ওয়েব ডেস্কঃ অনুপ্রবেশকারী রুখতে দেশের সীমান্তে নিরাপত্তা আরও কঠোর করতে উদ্যোগী কেন্দ্র সরকার। এবার সীমান্তবর্তী রাজ্যগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দেশব্যাপী সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, তাঁর এই সফরের তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশের একাধিক সীমান্তবর্তী রাজ্য ঘুরে দেখবেন অমিত শাহ। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে, কোথায় কী ধরনের সমস্যা রয়েছে এবং নিরাপত্তা আরও কীভাবে মজবুত করা যায় তা নিয়েই মূলত এই সফর।
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সুত্রে জানা গিয়েছে, অমিত শাহ সফর শুরু করছেন রাজস্থান থেকে। সেখানে সীমান্তবর্তী এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন তিনি। রাজ্যের সীমান্ত সংলগ্ন কয়েকটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, সীমান্তরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এরপর আগামী মাসে পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, ১৫ জুন রাজ্যে পৌঁছতে পারেন তিনি।
ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করবেন। সীমান্তে দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনীর কাজকর্মও খতিয়ে দেখবেন তিনি।আরও পড়ুন:
অনেকেই এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনী করছেন। কারণ সম্প্রতি সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র। সীমান্তে নজরদারি বাড়ানো, অনুপ্রবেশ ঠেকানো এবং বেআইনি পারাপার রুখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই সীমান্তে কাঁটাতার তৈরির জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সেই কাজের অগ্রগতি নিয়েও রাজ্যের সঙ্গে আলোচনা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে সীমান্তের একটি গুরুত্বপূর্ণ পোস্ট পরিদর্শনের পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। সেখানে উপস্থিত থাকতে পারেন জেলার জেলাশাসক, পুলিশ আধিকারিক, রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা, সীমান্তরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তারা।আরও পড়ুন:
সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়াতে স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীকে সমন্বয় রেখে কাজ করার ওপর জোর দিয়েছে কেন্দ্র। নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করে সীমান্তে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করাই এখন কেন্দ্রের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, চার রাজ্যের সফর শেষ হওয়ার পর সীমান্ত নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন অমিত শাহ। সেখানে সীমান্ত ব্যবস্থাপনা ও নতুন নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।