পুবের কলম ওয়েবডেস্কঃ ভোটমুখী বাংলায় প্রচারের উত্তাপ ক্রমেই বাড়ছে। আর সেই প্রচারে একের পর উচ্চারণ ভুল করেই যাচ্ছেন বিজেপি নেতৃত্ব। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রানি রাসমনিকে "রানি রাসমতী" বলে বিতর্কে জড়িয়েছিলেন। আর এবার শাহী উচ্চারণে "রবীন্দ্রসঙ্গীত" হয়ে গেল "রবিশঙ্কর"।

সোমবার বোলপুরের সভা থেকে এমনই উচ্চারণ করে বসলেন শাহ। এনিয়ে শাহকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। 

এদিন বোলপুরে নির্বাচনী প্রচারে গিয়ে গায়িকা সাহান বাজপেয়ীকে ধন্যবাদ জানান শাহ। যেভাবে গোটা দেশে তিনি রবীন্দ্রসঙ্গীতকে সুপ্রসিদ্ধ করে তোলেন সেই প্রসঙ্গ তোলেন।

তখনই তিনি  "রবীন্দ্রসঙ্গীত" বলতে গিয়ে হোঁচট খেয়ে "রবিশঙ্কর" বলে ফেলেন। তবে এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রীয় নেতারা বাঙালি মনিষীদের নাম ভুল উচ্চারণ করেছেন। যা বিতর্ক তৈরি হয়েছিল। শুক্রবার বিজেপির সংকল্প পত্র প্রকাশের পর রানি রাসমণিকে "রানি রাসমতী" বলে উচ্চারণ করে ফেলেছিলেন শাহ।
আর এবার ভুল উচ্চারণের তালিকায় জুড়ল রবীন্দ্রসঙ্গীত।

এনিয়ে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডলে অমিত শাহের উচ্চারণ ভুলের বিষয়টি উল্লেখ করে তৃণমূলের দাবি, পণ্ডিত রবিশঙ্কর একজন সেতার বাদক এবং ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সর্বকালের শ্রেষ্ঠ প্রবক্তা। আর রবীন্দ্রসঙ্গীত বাংলার সংস্কৃতির পরিচয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও রচনা করা গানের সংকলন। অমিত শাহ বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করতে গিয়ে এই দু’টিকে গুলিয়ে ফেলেছেন। আর এই মানুষগুলিই নাকি "সোনার বাংলা" গড়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলায় আসেন। বিজেপির নেতারা বাংলার সংস্কৃতিকে অপমান করছেন বলে অভিযোগ তৃণমূলের।