পুবের কলম ওয়েব ডেস্কঃ অঙ্গ, কলিঙ্গের পর সফল হয়েছে বিজেপি বঙ্গ জয়ের স্বপ্ন। ২০০ এর বেশি আসন পেয়ে এই প্রথম বাংলায় সরকার গঠন করছে বিজেপি। তবে রীতি মেনেই আগে থেকে এখানে কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করেননি বিজেপি নেতৃত্ব। ফলে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এই আবহে কার্যত রীতি ভেঙে মুখ্যমন্ত্রী বাছতে কলকাতায় আসছেন পরিষদীয় দলনেতা অমিত শাহ।

 

বিজেপি সুত্রে জানা যাচ্ছে, আজ মঙ্গলবার রাতে অথবা আগামিকাল বুধবার সকালে বাংলায় আসতে পারেন অমিত শাহ। সেই সঙ্গে আসতে পারেন ৯ রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী। যারমধ্যে রয়েছেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পাশাপাশি বঙ্গের বিধায়ক ও রাজ্য নেতৃত্বও বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বাছাই করার পর আগামী ৯ মে হবে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।

সেখানে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এভাবে মুখ্যমন্ত্রী বাছাই করার জন্য অমিত শাহ কোনও রাজ্যে যান না। ফলে এটাকে নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

উল্লেখ্য, এবার বঙ্গে নির্বাচনে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন অমিত শাহ। তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারিকে বহু প্রচারে দেখা গিয়েছে।

তাছাড়া, বাংলায় শুভেন্দুকে আলাদা গুরুত্ব দিয়েছেন তিনি। এর পাশাপাশি জপ্রিয়তার নিরিখেও এগিয়ে রয়েছেন শুভেন্দু। বিশেষ করে নন্দীগ্রামে জয় ও ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে হারানোর ফলে দলে তাঁর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে অনেকেই মনে করছেন তাঁকে মুখ্যমন্ত্রী করতে পারেন বিজেপি নেতৃত্ব।