পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপির দিল্লির নেতাদের মুখে বাংলার মহান ব্যক্তিত্বদের নাম ভুলভাবে উচ্চারণ করার অভিযোগ নতুন কিছু নয়। এর আগে রানি রাসমনির নাম ভুলভাবে উচ্চারণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার একই নাম ভুল উচ্চারণ করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শাহের উচ্চারণে এবার তিনি রানি রাসমনি হয়ে গেলেন, "রানি রাসমতী"।
এনিয়ে বিরোধীরা বিশেষ করে তৃণমূল কংগ্রেস তীব্র কটাক্ষ করেছে বিজেপিকে।আরও পড়ুন:
শুক্রবার বাংলায় এসে সংকল্পপত্র প্রকাশ করেন শাহ। সেখানেই নিজের বক্তব্য রাখতে গিয়ে "রানি রাসমতী" উচ্চারণ করে ফেলেন অমিত শাহ। তিনি এদিন ঘোষণা করেছেন, রাজ্য পুলিশের দুই মহিলা ব্যাটেলিয়ন চালু করবেন, একটি মাতঙ্গিনী হাজরা, অপরটি রানি রাসমনির নামে।
তখনই তাঁর উচ্চারণে বিভ্রাট সামনে আসে। রাজনৈতিক মহলের কটাক্ষ, যে বিজেপির শীর্ষ নেতা নামটাই ঠিকমতো জানেন না সেই বিজেপি কীভাবে তাঁর নামে কাজ করতে চাইছে। তৃণমূলের দাবি, বাঙালিরা কখনই বিজেপিকে গ্রহণ করবে না।আরও পড়ুন:
এদিকে, এদিন বিজেপির ইস্তেহারে নারীসুরক্ষা নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে।
সন্ধ্যার পর এখানকার মেয়েরা বাইরে বেরতে ভয় পান, এই অভিযোগ তুলে শাহের ঘোষণা, এমন দিন আর থাকবে না। মহিলাদের নিরাপত্তায় প্রতিটি মণ্ডলে একটি করে থানা, সহায়তা কেন্দ্র তৈরি হবে। রাজ্য পুলিশের মহিলাদের জন্য দুটি রিজার্ভ ব্যাটেলিয়ন হবে মাতঙ্গিনী হাজরা ও রানি রাসমনির নামে। এছাড়াও, মহিলা ও বেকার যুবকদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বঙ্গে প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল, আর দ্বিতীয় দফার ভোট আগামি ২৯ এপ্রিল সম্পন্ন হবে। ভোটের ফল প্রকাশ হবে আগামি ৪ মে।