পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের অত্যন্ত সংবেদনশীল ও গোপন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৯ হাজার স্পর্শকাতর ফাইল ইন্টারনেটের অন্ধকার জগত বা ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে 'ওয়ার্ল্ড লিকস' নামের একটি র্যানসমওয়্যার গ্রুপ। সাইবার হামলা চালিয়ে এই বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
হ্যাকারদের মাধ্যমে ফাঁস হওয়া এই বিশাল নথির মধ্যে পরমাণু কেন্দ্রটির পরিকাঠামোগত ও স্থাপনার নিখুঁত নকশা, অভ্যন্তরীণ প্রশাসনিক ও পরিচালনাগত ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরবরাহকারী বা সাপ্লায়ারদের তালিকা সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য রয়েছে।
সাইবার অপরাধীদের দাবি, কুদানকুলাম পরমাণু কেন্দ্রের এই সমস্ত গোপন তথ্য মূলত রিলায়েন্স গ্রুপের কাছ থেকে তাদের হাতে এসেছে। দেশের অন্যতম প্রধান পরমাণু কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার এমন মারাত্মক ত্রুটি সামনে আসতেই কেন্দ্রীয় সরকারের উচ্চমহলে শোরগোল পড়ে গিয়েছে।আরও পড়ুন:
জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি করা এই সাইবার হামলার ঘটনার গভীরতা বুঝতে পেরে তড়িঘড়ি নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে ইতিমধ্যেই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে দেশের শীর্ষ সাইবার নিরাপত্তা সংস্থা 'ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম'। ঠিক কীভাবে এই তথ্য চুরি হল এবং হ্যাকারদের দাবির সত্যতা কতখানি, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।