প্রায় ২০ বছর পর ফের কলকাতায় আসছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরের কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তসলিমা, যার পর থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:
অনুষ্ঠানের আয়োজকদের দাবি, মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের অবস্থান, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘সেকুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’ (HRBFF)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন:
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, তসলিমা নাসরিনের কলকাতা সফরকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার। তাঁর কথায়, একজন খ্যাতনামা লেখিকা হিসেবে তসলিমার কলকাতায় ফিরে আসা গুরুত্বপূর্ণ। আয়োজকদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এবং লেখিকার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে তাঁর লেখাকে ঘিরে তীব্র বিতর্ক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর কলকাতা ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। এরপর একাধিকবার শহরে ফেরার উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে তা বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন:
১৯৯৪ সালে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি হওয়ার পর দেশ ছাড়তে বাধ্য হন তসলিমা। পরে ইউরোপের বিভিন্ন দেশে থাকার পর ভারতে আসেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কলকাতায় বসবাস করলেও পরবর্তী সময়ে দিল্লিতে চলে যান।
আরও পড়ুন:
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় জানিয়েছেন, “তসলিমার এই রাজ্যে আসার ক্ষেত্রে তো কোনও আইনি বাধা নেই। আদতে বিগত দু’টো সরকার মৌলবাদের কাছে নতজানু হয়েছিল। এখন নতুন একটি সরকার এসেছে। নতুন আবহে আমরা যাঁরা দীর্ঘ দিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখি, তাঁরা ঠিক করলাম তসলিমাকে কলকাতায় আনব।”