মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জর্ডানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আজরাক বিমানঘাঁটিতে বুধবার সপ্তম দফার হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান, সেনাদের আবাসন এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণের একটি হ্যাঙ্গারকে লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করা হয়েছে। তেহরানের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা পরিচালিত হয়েছে।

ইরানি সামরিক কর্তৃপক্ষের দাবি, এর আগে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের ভূখণ্ডে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে তারা একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে ইরানের স্থল, জল বা আকাশসীমায় নতুন করে কোনো মার্কিন হামলা হলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে, ইরানের বিভিন্ন অঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একই সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ব্যবহৃত বলে দাবি করা ইরানি সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নতুন বিমান হামলা চালানো হয়েছে।

এছাড়া মার্কিন নৌবাহিনী ইরানের কয়েকটি বন্দর ও উপকূলীয় এলাকার আশপাশে নতুন করে সামুদ্রিক অবরোধ জোরদার করার কথাও ঘোষণা করেছে।

উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে একটি সম্ভাব্য সমঝোতার আলোচনা চললেও, সাম্প্রতিক সংঘাত সেই উদ্যোগকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।