পুবের কলম ওয়েব ডেস্ক: আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যে হতে চলা সেমিফাইনালে ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। সেখানে সবাইকে অবাক করে জায়গা করে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই মতো ২০২২ সালে কাতার বিশ্বকাপে অভিষেক হয় এলফাতের। সেবারে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যে হওয়া ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এবার বিশ্বকাপে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যে হতে চলা দ্বিতীয় হাইভোল্টেজ সেমিফাইনালে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ মুসলিম রেফারি।৪৪ বছর বয়সি এলফাত চলতি বিশ্বকাপে এরইমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। প্রথম ম্যাচটি ছিল জাপান-নেদারল্যান্ডসের মধ্যে। উরুগুয়ে-স্পেন ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব পালন করেন। সর্বশেষ ব্রাজিল-নরওয়ে ম্যাচেও নেইমারদের সঙ্গে মাঠে সমান তালে দৌড়াতে দেখা গিয়েছিল ইসমাইলকে। এ পর্যন্ত এই তিন ম্যাচে তিনি ৬টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড দেখিয়েছেন। তার হাত থেকে লাল কার্ডটি দেখেছিলেন উরুগুয়ের আগুস্তিন কানোবিও। জানা গিয়েছে, মেসি ম্যাচে এলফাতকে সাহায্য করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের আর দুই রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। সেমির চতুর্থ ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং দানিয়েলে বিনদোনি।
২০১২ সাল থেকে মেজর লিগ সকারে ম্যাচ পরিচালনা করে আসছেন এলফাত। এমএলএস কাপ ফাইনাল ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল ছাড়াও আরও বড় বড় ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। যার জেরে এমএলএসে দু’বার বর্ষসেরা রেফারির পুরস্কারও জিতেছেন। যেহেতু, চলতি বিশ্বকাপে বিশেষ করে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং ও ভিডিয়ো সহকারী রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার আইসা মান্দির ওপর ফাউল করেও লিওনেল মেসি লাল কার্ড এড়িয়ে যান, যা পরে বিতর্ক সৃষ্টি করে। পরবর্তীতে সেই আর্জেন্টিনা ম্যাচে মিশর টিমের বিরুদ্ধে রেফারির বৈষম্য আচরণের ফলে মুহাম্মদ সালাহদের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া নিয়ে ফিফার কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিষয়টি মাথায় রেখে আর্জেন্টিনা ম্যাচে আর কোনও ঝুঁকি নিতে রাজি নন ইনফান্তিনো। আর সে কারণে মরক্কোয় জন্ম নেওয়া ৪৪ বছর বয়সি ইসমাইল এলফাতকে দিয়েই আর্জেন্টিনা ম্যাচ উতরে যেতে চাইছে ফিফা।