পুবের কলম ওয়েব ডেস্ক: হরমুজ প্রণালীতে ফের ইরানি হামলার ঘটনা ঘটল। সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাবিক। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ছ’জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনের নাগরিক রয়েছেন।
মঙ্গলবার ভোরে ‘মোম্বাসা’ এবং ‘আল বাহিয়া’ নামের ওই ট্যাঙ্কার দুটিতে যখন হামলা হয়, তখন সেগুলি ওমানের জলসীমায় ছিল।
আরও পড়ুন:
এর আগে গত রবিবার সকালেও ওমান উপকূলের কাছাকাছি সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছিল। ওই জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। নয়াদিল্লির তরফে সেই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছিল।
সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিক থাকা জাহাজে হামলা চালাল তেহরান।আরও পড়ুন:
এই জোড়া হামলার ঘটনাকে ‘নির্লজ্জ আক্রমণ’ আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। তারা স্পষ্ট জানিয়েছে যে এই হামলার পূর্ণাঙ্গ জবাব দেওয়া হবে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালীতে দুটি বড় আকারের জাহাজ বা সুপারট্যাঙ্কার অকেজো করার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে এবং নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে মাইন পাতা পথ দিয়ে জাহাজ দুটি এগোচ্ছিল বলেই তাদের উপর আঘাত হানা হয়েছে। যদিও বিবৃতিতে তারা নির্দিষ্ট কোনও জাহাজের নাম প্রকাশ করেনি। পাশাপাশি, হরমুজ প্রণালীতে এহেন অবৈধভাবে চলাচলের জন্য আমেরিকাই জাহাজগুলিকে উস্কানি দিচ্ছে বলে দাবি করেছে ইরান।