পুবের কলম, ওয়েবডেস্ক: ইরান-কে ঘিরে উত্তেজনার মধ্যেই একদিকে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত, অন্যদিকে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে সম্ভাব্য হামলা স্থগিতের ঘোষণা দিলেও, মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশন-এর হাজারো সেনাকে মোতায়েন করা হতে পারে। বর্তমানে এই সেনারা নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অবস্থান করছেন।

তবে তারা কবে এবং কোথায় পৌঁছাবেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
 
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আপাতত সরাসরি ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি। বরং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবেই এই মোতায়েন পরিকল্পনা করা হচ্ছে। এর আগেই যুক্তরাষ্ট্র ইউএসএস বক্সার যুদ্ধজাহাজে করে হাজারো মেরিন ও নৌসেনা সদস্য মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে।
সঙ্গে রয়েছে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং সহায়ক যুদ্ধজাহাজ।
 
এই সামরিক তৎপরতা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর ঠিক আগের দিনই ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে “গঠনমূলক আলোচনা” চলছে। তবে সেই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরান-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি।