পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে জন্মহার বৃদ্ধির পক্ষে আবারও সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, দম্পতিদের অন্তত তিনটি সন্তান নেওয়া উচিত, যা পারিবারিক ও সামাজিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। মঙ্গলবার বৃন্দাবনের এক আশ্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেন, বর্তমান সময়ে জন্মহার বাড়ানো অত্যন্ত জরুরি। তাঁর দাবি, চিকিৎসকরাও নাকি পরিবারে তিনটি সন্তান থাকাকে উপকারী বলে মনে করেন। ভাগবতের কথায়, “শৈশবের পারস্পরিক সম্পর্ক মানুষকে সহাবস্থান করতে শেখায়।

বেশি ভাইবোনের মধ্যে বড় হলে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে। ভবিষ্যতে নিজের পরিবার গড়ার সময় তা কাজে লাগে এবং বিবাহবিচ্ছেদের মতো সমস্যাও অনেক ক্ষেত্রে এড়ানো সম্ভব হয়।”
 
তিনি আরও দাবি করেন, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, তিন সন্তানের কম জন্মহার দীর্ঘমেয়াদে সামাজিক ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি, বিশ্বের বহু দেশেই জনসংখ্যা বৃদ্ধির জন্য দম্পতিদের বেশি সন্তান নেওয়ার উৎসাহ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এদিন ধর্মান্তর প্রসঙ্গেও সরব হন ভাগবত।
জোরপূর্বক ধর্মান্তরকরণের বিরোধিতা করে তিনি বলেন, শুধু সরকার নয়, সমাজকেও এই ধরনের ঘটনা রুখতে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি, যারা আগে হিন্দু ছিলেন এবং পুনরায় ফিরে আসতে চান, তাঁদের স্বাগত জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
 
উল্লেখ্য, এর আগেও একাধিকবার জনসংখ্যা বৃদ্ধি নিয়ে মত প্রকাশ করেছেন আরএসএস প্রধান। তাঁর বক্তব্য, জনসংখ্যা নীতিতে গড় হার ২.১ হলেও বাস্তবে তা ধরে রাখতে গেলে অনেক ক্ষেত্রেই তিন সন্তানের প্রয়োজন হয়। তাই পরিবারগুলিকে দুই সন্তানে সীমাবদ্ধ না থেকে তিন সন্তানের কথা ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।