পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এটি একটি বড় নৌ ‘আর্মাডা’, যা প্রয়োজনে দ্রুত মোতায়েনযোগ্য শক্তি হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ফেরার পথে ট্রাম্প বলেন, “আমরা ইরানের দিকে নজর রাখছি।
আমরা যুদ্ধ চাই না, কিন্তু নিরাপত্তার স্বার্থে এবং প্রয়োজনে ব্যবহারের জন্য এই শক্তি পাঠানো হচ্ছে।” তিনি আরও দাবি করেন, তাঁর সামরিক কড়াকড়ির কারণেই ইরান সরকার শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে সরে এসেছে। যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে। তেহরানের বক্তব্য, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না।
ইরানের সরকারি হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান পূর্ণ শক্তিতে পাল্টা জবাব দেবে। তাঁর মতে, সম্ভাব্য সংঘাত দীর্ঘস্থায়ী ও ভয়াবহ রূপ নিতে পারে। ফলে ট্রাম্পের এই সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হলো।