পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী। যার জেরে জ্বালানি ও গ্যাসের সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। ভারতও রয়েছে সেই তালিকায়। যদিও বন্ধু ভারতের জন্য কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। সেই পরিস্থিতির মধ্যেই বড় স্বস্তির খবর মিলল।

হরমুজ পার করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুটি জাহাজ। আগামী কয়েকদিনের মধ্যেই জাহাজ দুটি পৌঁছে যাবে ভারতে। 

জানা গিয়েছে, জাহাজ দুটিতে সব মিলিয়ে ৯০ হাজার টনেরও বেশি এলপিজি রয়েছে। এই দুটি জাহাজের নাম বি ডব্লিউ ইএলএম এবং বি ডব্লিউ টিওয়াইআর। খবর পাওয়া যাচ্ছে, জাহাজ দুটি একসঙ্গে হরমুজ পার করেছে।

যদিও, যুদ্ধের কারণে জাহাজ দুটি কিছুদিন আটকে ছিল। এই জাহাজ দুটি পৌঁছলে ভারতে গ্যাসের সংকট অনেকটাই কমবে বলেই আশা করছে কেন্দ্রীয় সরকার।  

প্রসঙ্গত, যুদ্ধের কারণে হরমুজ সংলগ্ন এলাকায় ভারতের ২০ টি মতো জাহাজ আটকে রয়েছে। এছাড়াও আরও ৪ টি জাহাজ তেল ও গ্যাস নিয়ে হরমুজ পেরিয়েছে। এই সব জাহাজ গুলি জ্বালানি নিয়ে পৌঁছবে ভারতের বিভিন্ন বন্দরে।

এরফলে ভারতের তেলের বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিছুদিন আগেই ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছিল হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নেই। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলির ক্ষেত্রে জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দিচ্ছে ইরান। ভারত ছাড়াও সেই তালিকায় রয়েছে, চিন, রাশিয়া, পাকিস্তানের মতো দেশ।