পুবের কলম ওয়েবডেস্কঃ ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে ব্যাপক জ্বালানী সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ভারতে রান্নার গ্যাসের তীব্র সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। যদিও বাংলা সহ অন্যান্য নির্বাচনমুখী রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে থাকবেন বলে সুত্রের খবর।

 

জানা যাচ্ছে, ভারতের অভ্যন্তরীন পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক। সংবাদ সংস্থা পিটিআই সুত্রের খবর, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধন হল এই বৈঠকের লক্ষ্য। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যকে এক হয়ে লড়ার বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। এমনটাই মনে করা হচ্ছে। যদিও, চলমান জ্বালানী সংকট দীর্ঘস্থায়ী হতে পারে বলে কয়েকদিন আগেই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে বিভিন্ন বিষয়ে নিরাপত্তা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলেছিলেন প্রধানমন্ত্রী। মুলত সঙ্কট দেখা দিয়েছে, যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে। তবে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সব মিলিয়ে ৭৪ দিনের জ্বালানি মজুত রয়েছে দেশে। এছাড়া, এলপিজির যোগান ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া কালোবাজারি বন্ধেরও চেষ্টা চলছে। জানা যাচ্ছে, নির্বাচন থাকার কারণে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালার ক্ষেত্রে ক্যাবিনেট সচিবালয় আলাদা ভাবে মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করবে।