পুবের কলম, ওয়েবডেস্ক: ডিজেল এবং সিএনজি (CNG)-র তীব্র ঘাটতির জেরে জ্বালানি স্টেশনগুলিতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চেনা ছবি। কিন্তু সেই লাইনে আগে দাঁড়ানো এবং গ্যাস নেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া ক্ষোভ এবার রূপ নিল এক সংঘর্ষের। মুম্বাই সংলগ্ন মিরা-ভায়ান্দর এলাকার একটি পেট্রোল পাম্পে লাইনে আগে ঢোকা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে মিরা-ভায়ান্দর রোডে অবস্থিত ‘মহানগর সিএনজি পেট্রোল পাম্প’-এ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, চরম উত্তেজনাপূর্ণ আবহের মধ্যে তিন ব্যক্তি একে অপরের ওপর চড়াও হয়ে মারাত্মকভাবে হাতাহাতিতে লিপ্ত হয়েছেন।আরও পড়ুন:
স্থানীয় সূত্রের খবর, ওই পেট্রোল পাম্পে সিএনজি নেওয়ার জন্য ভোর থেকেই যানবাহনের এক বিশাল লাইন পড়েছিল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে চালকদের মধ্যে এমনিতেই ধৈর্যচ্যুতি ঘটছিল।
এই পরিস্থিতির মাঝেই এক গাড়ি চালক আচমকা লাইনের নিয়ম ভেঙে সবার আগে নিজের গাড়িটি জোরপূর্বক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই দেখে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য চালকেরা তীব্র প্রতিবাদ জানান। প্রথমে বিষয়টি সাধারণ তর্কাতর্কি ও মৌখিক বচসার স্তরে থাকলেও, মুহূর্তের মধ্যে তা নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণ হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। পাম্পের ভেতরেই দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঘুসি ও লাথি চালাতে শুরু করে। এই রণক্ষেত্রের জেরে পাম্প চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া গিয়েছে, এই তুমুল মারামারির ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।আরও পড়ুন:
এই হিংসাত্মক ঘটনার পর উভয় পক্ষই মিরা রোড থানার দ্বারস্থ হয়। পুলিশ ইতিমধ্যেই দুই পক্ষেরই বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। থানার এক আধিকারিক জানিয়েছেন, মারামারির প্রকৃত কারণ এবং ঘটনার সুনির্দিষ্ট ক্রম খতিয়ে দেখতে তাঁরা পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। এই ঘটনায় জড়িত এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।