পুবের কলম ওয়েবডেস্ক : গণেশ বিসর্জনকে কেন্দ্র করে ভয়াবহ হামলার হুমকি দেওয়া এক ব্যক্তিকে নয়ডা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম অশ্বিনী কুমার (৫১), পেশায় জ্যোতিষী। তিনি বিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে নয়ডায় থাকতেন।
মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজে লেখা ছিল—৪০০ কেজি আরডিএক্স, ৩৪টি গাড়িতে প্রস্তুত মানববোমা এবং শহরে প্রবেশ করা ১৪ জন পাকিস্তানি জঙ্গি। দাবি করা হয়, এতে এক কোটি মানুষের প্রাণহানি ঘটবে। হুমকিতে লস্কর-ই-জেহাদির নামও উল্লেখ করা হয়।
বার্তা পেয়ে মুম্বই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং নয়ডা পুলিশের সহায়তায় অশ্বিনীকে শনিবার সেক্টর ১১৩ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মুম্বই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ এমন ভয়াবহ হুমকিতে শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয় এবং গণেশ বিসর্জন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে কী কারণে এই বার্তা পাঠানো হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।




























