পুবের কলম ওয়েবডেস্কঃ হরমুজ প্রণালী নিয়ে জট কাটছে না। মধ্যপ্রাচ্যে অস্থিরতার সময় এতদিন ধরে এই প্রণালী অবরুদ্ধ করে দিয়েছিল ইরান। আর এবার হরমুজ অবরুদ্ধ করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে চলেছে বহু দেশ।

 

জানা যাচ্ছে, রবিবার ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ লিখেছেন, হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলি পেতে রেখেছিল সেগুলি খুঁজে ধংস করার চেষ্টা চলছে। খুঁজে পেলেই সেই সমস্ত মাইন ধংস করা হবে। তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে আরও লেখেন, ইরান যদি মার্কিন বাহিনী বা কোনও শান্তিপূর্ণ জাহাজকে লক্ষ্য করে গুলি চালায় তাহলে আমেরিকাও চুপ করে বসে থাকবে না। পাল্টা হামলা চালানো হবে।

হরমুজ অবরোধের কথাই ঘোষণা করেননি ট্রাম্প তিনি জানান, আন্তর্জাতিক জলসীমায় থাকা কোনও জাহাজ যদি ইরানকে শুল্ক বা অর্থ দেয় তাহলে তাদের শুধু খুঁজেই বার করা হবে না। আটক পর্যন্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি ঘোষণা করেন, এবিষয়ে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, অবৈধভাবে টোল দিলে সেই সব জাহাজ আর চলাচল করতে পারবে না।
অবিলম্বে এই নির্দেশ বাহিনীকে কার্যকর করতে বলেছেন ট্রাম্প। 

উল্লেখ্য, শান্তি সমঝোতার লক্ষ্যে শনিবার পাকিস্তানে আমেরিকার সঙ্গে ইরানের বৈঠক হয়েছিল। কিন্তু, সেই বৈঠক সদর্থক হয়নি। এরইমধ্যে ট্রাম্পের হরমুজ অবরোধের ঘোষণার ফলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। যদিও আমেরিকা দাবি করছে, কোথাও না কোথাও মাইন পেতে রাখা আছে এই দাবি করে আসলে ইরান হরমুজ দখল করতে চাইছে। তাদের আরও দাবি, ওই জলপথ দিয়ে যাতায়াত করা জাহাজগুলির কাছ থেকে ইরান অবৈধভাবে অর্থ নিচ্ছে।