পুবের কলম ওয়েবডেস্কঃ ইরান-ইসরায়েল-আমেরিকার যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সেই আবহেই বড় খবর সামনে এল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার একথা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। 

নিজের এক্স হ্যান্ডেলে সার্জিও গোর লিখেছেন, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে।

আরও বড় খবর আসতে চলেছে।" কি বিষয়ে ফোনে আলোচনা হয়েছে সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন। তিনি জানান, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে সংকট মেটাতে ভারত কি ভূমিকা নিতে চলেছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী সংকীর্ণ করিডোর হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের একটি বড় অংশ পরিচালনা করে, যা বিশ্বব্যাপী জ্বালানি স্থিতিশীলতার জন্য এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে বর্তমানে স্ট্রেট অফ হরমুজ় কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। তেলের দাম আকাশছোঁয়া হয়েছে। তেহরানের সঙ্গে ফলপ্রসূ  আলোচনার কথা উল্লেখ করে এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার শর্তে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা সোমবারই পাঁচ দিনের জন্য স্থগিত করার কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ।