পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে শহিদ দিবস (Martyrs’ Day) পালনের ঠিক আগের দিন ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকার রাজনীতি। পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র প্রধান মেহবুবা মুফতিকে শ্রীনগরে তাঁর বাসভবনে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে এই দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের বর্তমান প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
আরও পড়ুন:
রবিবার এক্সে দেওয়া পোস্টে ইলতিজা মুফতি লেখেন, "শহিদ দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীর পুলিশ আমাদের গৃহবন্দি করেছে। এর কারণ অবশ্য পুলিশই ভালো বলতে পারবে।" তিনি বর্তমান প্রশাসন ও স্থানীয় সরকারকে তীব্র আক্রমণ করে আরও বলেন, "এটাই কি সেই স্বাভাবিক অবস্থা যা তাঁরা কাশ্মীরে প্রতিষ্ঠা করার দাবি করেন? কোনো ভুল করবেন না, স্থানীয় প্রশাসনও পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সিধরায় মানুষের ঘরবাড়ি ভাঙছে এবং নিজেদের সুবিধেমতো বিরোধী শিবিরের নেতাদের আটকে রাখছে।
"আরও পড়ুন:
উল্লেখ্য, ১৩ জুলাই দিনটি জম্মু ও কাশ্মীরের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৩১ সালের এই দিনে শ্রীনগরের সেন্ট্রাল জেলের বাইরে তৎকালীন ডোগরা মহারাজার সেনাবাহিনীর গুলিতে ২২ জন স্থানীয় আন্দোলনকারী নিহত হন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর এই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। তবে, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (ধারা ৩৭০) প্রত্যাহারের পর, ২০২০ সালে লেফট্যানেন্ট গভর্নর প্রশাসন এই দিনটিকে রাজ্যের সরকারি ছুটির তালিকা থেকে বাদ দিয়ে দেয়।