পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার ভোরে উত্তর দমদম এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে রাজা দত্ত নামে এক কুখ্যাত দুষ্কৃতীর গুলিবিদ্ধ ও রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। উত্তর দমদম পুরসভার অন্তর্গত খলিসাকোটা এলাকায় একটি গ্যারাজের কাছে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে একাধিক গুলির ক্ষত মিলেছে। এই ঘটনায় রাজার আরও দুই সঙ্গী গুরুতর আহত হয়েছেন ।
তাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিরাটির বাসিন্দা রাজাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই খুনের পিছনে মূলত দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্ব বা গ্যাংওয়ার রয়েছে। মনে করা হচ্ছে, সোমবার ভোরে বাইকে করে যাওয়ার সময় ওই এলাকায় বিরোধী গোষ্ঠীর মুখোমুখি হন রাজা।
তদন্তকারীদের ধারণা, ঘটনাস্থলে আগে থেকেই দুষ্কৃতীরা উপস্থিত ছিল এবং তারা রাজার পূর্বপরিচিত। রাজার কাছে থাকা আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। খুনিরা কোন রাস্তা দিয়ে পালিয়েছে, তা নিশ্চিত করতে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) শামীর আহমেদ।আরও পড়ুন:
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি কর্মী অভিজিৎ চৌধুরীর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একটি দুষ্কৃতীদল জমি দখল, মারধর ও সন্ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছে। তাঁর দাবি, রাতে এলাকার একটি তৃণমূল পার্টি অফিসেও ভাঙচুর চালানো হয়। রাস্তার ধারে যেখানে সরস্বতী পুজো হয়, ঠিক সেখানেই রাজাকে খুন করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে ১৯ নম্বর ওয়ার্ডটিকে সম্পূর্ণ দুষ্কৃতীমুক্ত করার দাবি তুলেছেন।