পুবের কলম, কলকাতা: রাত তখন প্রায় সাড়ে বারোটা। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ পর পর তিন রাউন্ড গুলির শব্দে কেঁপে উঠল দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকা। কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের এক ঘনবসতিপূর্ণ এলাকায় বুধবার রাতে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ৩৬ বছর বয়সী এক যুবক।

নিহতের নাম রাহুল দে। এই ঘটনায় আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
 
সূত্রে জানা গিয়েছে, বাঘাযতীনের ওই বহুতলে বুধবার রাতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল।
আহত জিৎ মুখোপাধ্যায়ের ওই বহুতলে নিজস্ব ফ্ল্যাট রয়েছে। দীর্ঘদিনের পরিচিত হলেও রাহুল ও জিতের মধ্যে বেশ কিছুদিন যোগাযোগ ছিল না। তবে ওই রাতের আসরে আমন্ত্রিত ছিলেন রাহুল। অভিযোগ, গভীর রাতে বহুতলের ছাদে মদের আসর বসেছিল।
মদ্যপান চলাকালীনই কোনো বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বচসা শুরু হয়। তর্কাতর্কি চরমে পৌঁছালে হঠাৎই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানো হয় বলে অভিযোগ। 
 
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে রাতেই তল্লাশি চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের বক্তব্য, নিহত রাহুল দে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে, আহত জিৎ মুখোপাধ্যায় স্থানীয় কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।