পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএলের পরে একাধিক সিরিজ রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তার মধ্যে নতুন সংযোজন, আগামী জুলাই মাসে সূর্যকুমার যাদবদের জিম্বাবোয়ে সফর। ইংল্যান্ড সফরের পরে জিম্বাবোয়ে রওয়ানা হবে ভারতীয় দল। সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
তিনটি ম্যাচ হবে যথাক্রমে ২৩,২৫ এবং ২৬ জুলাই। সবকটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ এই খবর জানানো হয়েছে।তারপরে ২০২৭ সালের জানুয়ারি মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসবে জিম্বাবোয়ে। সেই সিরিজের প্রথম ম্যাচ কলকাতায়, ৩ জানুয়ারি। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে হায়দরাবাদ (৬ জানুয়ারি) এবং মুম্বইয়ে (৯ জানুয়ারি)। প্রসঙ্গত, আইপিএল শেষ হওয়ার পরে, জুন মাসের তৃতীয় সপ্তাহে তিন ম্যাচের টি -২০ সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। তার আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।