পুবের কলম, ওয়েবডেস্ক: রামনবমীর পুণ্যলগ্নে শহর কলকাতার দুই প্রান্তে দেখা গেল ভিন্ন ছবি। একদিকে নিউ টাউনে শোভাযাত্রায় অস্ত্র রাখা নিয়ে পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের তীব্র বাদানুবাদ, অন্যদিকে ভবানীপুরে মিছিলে শামিল হয়ে 'রামরাজ্য' গড়ার ডাক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
 
বৃহস্পতিবার সকালে নিউ টাউন রামমন্দির থেকে দমদম রামমন্দির পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই মিছিলে অংশ নিয়েছিলেন স্থানীয় বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। অভিযোগ, মিছিল শুরু হওয়ার আগেই একটি গাড়িতে রাখা অস্ত্রের দিকে নজর পড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের।

পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, অস্ত্র নিয়ে কোনো মিছিল করার অনুমতি দেওয়া হবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী ও সমর্থকদের ব্যাপক বচসা শুরু হয়। 
 
বিজেপি প্রার্থীর দাবি, এটি কোনো অস্ত্র প্রদর্শনী নয়, বরং চিরাচরিত প্রথা মেনে মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি প্রতীকী অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শেষ পর্যন্ত অস্ত্র ছাড়াই মিছিলটি দমদম রামমন্দিরের দিকে অগ্রসর হয়।
 
অন্যদিকে, এদিনের অন্যতম আকর্ষণ ছিল ভবানীপুর বিধানসভা এলাকার রামনবমীর মিছিল।
সেখানে অংশ নেন হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কয়েক হাজার মানুষের ভিড়ে ঠাসা এই মিছিল থেকে রাজ্য রাজনীতিতে পরিবর্তনের সুর চড়ান তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন, "গোটা বাংলার মানুষ এখন রামরাজ্য চাইছে।" তাঁর মতে, রামনবমীর এই স্বতঃস্ফূর্ত আবেগই প্রমাণ করে দিচ্ছে মানুষ কোন দিকে ঝুঁকছে। ভবানীপুরের পাশাপাশি এদিন নন্দীগ্রামের ভোটপ্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী দেখাল তাঁকে।