পুবের কলম ওয়েব ডেস্ক:  দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা শুরু হল। আজ সকাল ১১টা থেকে তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেছে ‘মহাদেব এক্সপ্রেস’। 

জানা গিয়েছে, এখন থেকে প্রতিদিন মোট পাঁচটি সরকারি বাস তারকেশ্বর থেকে বর্ধমান, বাঁকুড়া, দিঘা, খড়্গপুর এবং কলকাতার উদ্দেশে যাতায়াত করবে। এতদিন এই এলাকা থেকে সরাসরি কোনও সরকারি বাস না থাকায় সাধারণ মানুষকে মূলত বেসরকারি বাস বা ট্রেকারের উপর নির্ভর করতে হত। নতুন এই পরিষেবা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, বিশেষত মহিলা ও নিত্যযাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত-যন্ত্রণা লাঘব হল।

রাজ্যের অন্যান্য সরকারি বাসের নিয়ম মেনে এই বাসগুলিতেও মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন।

এই নতুন বাস পরিষেবা প্রসঙ্গে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান জানিয়েছেন, আরামবাগ থেকে সরকারি বাসের সুবিধা থাকলেও তারকেশ্বর থেকে তা ছিল না, যা স্থানীয় মানুষের একটি বড় চাহিদা ছিল। যেহেতু এটি বাবা তারকনাথের পুণ্যভূমি, তাই মহাদেবের নামানুসারেই এই বাসের নামকরণ করা হয়েছে। তিনি আরও জানান যে, আগামী দিনে এই অঞ্চলকে কেন্দ্র করে একটি আধ্যাত্মিক করিডর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে রাজ্যের সমস্ত শক্তিপীঠকে সংযুক্ত করা হবে এবং যাত্রীদের সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবাও চালু করা হবে।

সামনেই শ্রাবণী মেলা, আর সেই উপলক্ষে পুণ্যার্থীদের জন্য থাকছে একগুচ্ছ চমক ও বাড়তি সুবিধা। বিধায়ক জানিয়েছেন, আগামী ১৯ জুলাই পুণ্যার্থী এবং সাধু-সন্তদের স্বাগত জানানোর জন্য আকাশপথে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। পাশাপাশি তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুরে একটি বিশেষ লেজ়ার শোয়েরও আয়োজন করা হয়েছে। পুণ্যার্থীদের সেবার উদ্দেশ্যে তারকেশ্বরের বৈদ্যপুরে একটি ফেসিলিটি সেন্টার এবং সেবা শিবির প্রস্তুত করা হয়েছে। এছাড়া আগামী ১৪ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বর পরিদর্শনে আসছেন।

প্রশাসনের সূত্রের খবর, আসন্ন শ্রাবণী মেলায় দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কলকাতা থেকে তারকেশ্বর পর্যন্ত আরও ৪০টি বিশেষ সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই বাসগুলির যাত্রাপথ সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে। তারকেশ্বর থেকে দিঘাগামী বাসটি পুড়শুড়া, আরামবাগ, কামারপুকুর, ঘাটাল, মেচেদা, তমলুক, বাজকুল এবং কাঁথি হয়ে গন্তব্যে পৌঁছবে। অন্যদিকে, বাঁকুড়াগামী বাসটি আরামবাগ, কামারপুকুর, জয়রামবাটী, কোতুলপুর, বিষ্ণুপুর এবং ওন্দা হয়ে বাঁকুড়া যাবে। এছাড়া খড়্গপুর রুটের বাসটি আরামবাগ, কামারপুকুর, চন্দ্রকোনা টাউন, কেশপুর এবং মেদিনীপুর শহরের উপর দিয়ে খড়্গপুরে পৌঁছবে।