পুবের কলম ওয়েব ডেস্কঃ বিপুল ভোটে বিপুল জয় পেয়ে বঙ্গে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আগে তৃণমূল সরকা রাজ্যে ক্ষমতায় থাকার সময় বিভিন্ন ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ উঠেছে। সরকার বদল হতেই এবার তোলাবাজি বন্ধের আবেদন জানালেন বাস মালিকরা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে তাদের কাছ থেকে বিভিন্ন সংগঠনের নাম করে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে। এই অত্যাচার বন্ধ করতে এবার নতুন বিজেপি সরকারের দ্বারস্থ হয়েছেন বাস মালিকরা।
আরও পড়ুন:
বাস মালিক সংগঠনের বক্তব্য অনুযায়ী, প্রত্যেকদিন হাওড়া স্টেশন চত্বর থেকে দিঘা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বহু এলেকায় কয়েকশো বাস চলাচল করে। এই সব বাস রাখলে শ্রমিক সংগঠনের তরফ থেকে বাস পিছু বছরের পর বছর কোনও কারণ না দেখিয়েই বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে তিনি রাজ্যের পরিবহণ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন, ফলে বাস মালিকদের আশা নতুন মুখ্যমন্ত্রী তাঁদের এই সমস্যার কথা বুঝবেন এবং সেই মতো পদক্ষেপ করবেন।
আরও পড়ুন:
মালিকদের অভিযোগ, প্রত্যেকদিন হাওড়া স্টেশনের স্ট্যান্ড থেকে মালিকদের কাছ থেকে ৫০ টাকার রসিদ কাটা হয়, অথচ, তাঁদের কাছ থেকে তোলা হয় ২৫০ থেকে ২৮০ টাকা করে।
এমনকি বাইরে থেকে কোনও বাস এসে হাওড়ার স্ট্যান্ডে দাঁড়ালে তাঁদেরও দিতে হয় প্রচুর পরিমাণে টাকা। আর এই তোলার টাকা না দিলেই চলে হুমকি এবং মারধর। এবিষয়ে বাস মালিকদের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির তরফে সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় অভিযোগ করেন, এইভাবে বাস মালিকদের কাছ থেকে তোলাবাজি করা হলে বাস চালানোই মুশকিল হয়ে যাবে ফলে গণ পরিবহন পুরোপুরি ভেঙে পড়বে। তাঁর আরও অভিযোগ, এই তোলাবাজি কএ আসা হচ্ছে বাম সরকারের আমল থেকে। ২০০৮ সাল থেকে এইভাবে তোলাবাজি চলছে। তিনি আশা করছেন, নতুন সরকার এই তোলাবাজি ব্যবস্থার পরিবর্তন করবে।