পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা ঘোষণা করেছিল বিজেপি। ক্ষমতায় আসার পর এবার সেই প্রতিশ্রুতিমতোই এই প্রকল্প চালু হল বাংলায়। বুধবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সুচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দিল রাজ্য সরকার। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন কতজনের অ্যাকাউন্টে আজ অন্নপূর্ণার টাকা ঢুকবে।
আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী জানান, আজ ২৮,২৫, ৭৬৯ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে। এছাড়াও তিনি জানান, যারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিলাপ করেছেন তাদের ফর্মের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এদিন এই প্রকল্পের সুচনা পর্বে তিন জন উপভোক্তা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁদের হাতে অন্নপূর্ণার ৩ হাজার টাকার চেক হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন যারা মুখ্যমন্ত্রীর কাছে চেক পেয়েছেন তাঁরা হলেন-সুমিত্রা রায়, সন্ধ্যা বাহাদুর, সুমি মান্ডি, রাজকুমারী দেবী এবং রিঙ্কু পোড়েল।
আরও পড়ুন:
যদিও অন্নপূর্ণা যোজনার জন্য ১২ পাতার ফর্ম ফিলাপ করতে হচ্ছে। কেন এই সমস্ত তথ্য দিতে হচ্ছে তা নিয়ে আগেই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাদের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন। সেই কারণে নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে।
তিনি জানান সরকার চায় না যে কোনও অভারতীয়র অ্যাকাউন্টে টাকা যাক। যোগ্যরায় এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আজ থেকেই অন্নপূর্ণার ফর্ম অনলাইনে পাওয়া যাবে। যারা ফর্ম ফিলাপ করতে পারবেন না তাদের সাহায্য করবেন সরকারি আধিকারিকরা। তিন মাস ধরে এই প্রক্রিয়া চলবে। এবং শেষ হওয়ার পর তালিকা তৈরি করা হবে। সেইমতোই বাকিরা এই প্রকল্পের সুবিধা পাবেন।