পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্ব হাতে নেওয়ার পরেই উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন শুভেন্দু অধিকারী। এবার জল পরিবহণের ক্ষেত্রে বিরাট বদল আনতে চলেছে রাজ্য সরকার। কলকাতায় চালু হতে চলেছে ওয়াটার মেট্রো। বৃহস্পতিবার একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরফলে স্বভাবিকভাবেই প্রচুর মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে গোটা দেশের ১৭ টি জায়গায় ওয়াটার মেট্রো পরিষেবা চালু রয়েছে।
এরমধ্যে প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প চালু হয়েছিল কোচিতে। আর এবার এই পরিষেবার ক্ষেত্রে ১৮ তম শহর হবে কলকাতা। এছাড়াও, গুয়াহাটি, শ্রীনগর, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, পাটনা, তেজপুর এবং ডিব্রুগড়েও এই প্রকল্প চালু হওয়ার কথা বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ওয়াটার মেট্রো হল আধুনিক নৌযান, যা নদী, খাল, হ্রদ বা জলপথ ব্যবহার করে নির্দিষ্ট সময়ে যাতায়াত করে। হুগলী নদিতে এই প্রকল্প চালু হলে প্রচুর মানুষ উপকৃত হবেন। কারণ বহু মানুষ এই দুই শহরে যাতায়াত করেন। এরফলে কম সময় ও খরচে তাঁরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। এছাড়াও, পর্যটকদের কাছেও তা আকর্ষণীয় হয়ে উঠবে।আরও পড়ুন:
শুধু তাই নয়, এবার থেকে সাগরমালা প্রকল্পের সঙ্গেও জুড়ে গেল বাংলা। এর আগে তৃণমূলের জমানায় একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু করা হয়নি। তবে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই একে একে সেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু করতে উদ্যোগী হয়েছে। আর এবার বাংলা সাগরমালা জুড়ে গেল বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, সাগরমালা প্রকল্প হল কেন্দ্র সরকারের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রকের একটি উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো ভারতের প্রায় ৭,৫০০ কিমি দীর্ঘ উপকূলরেখা এবং ১৪,৫০০ কিমি সম্ভাব্য নৌপথের সদ্ব্যবহার করে দেশের বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা এলাকার অর্থনৈতিক উন্নয়ন, লজিস্টিকস খরচ কমানো। আর সেই সঙ্গে সামুদ্রিক বাণিজ্যের উন্নতি সাধন করা। এতদিন এই প্রকল্প বাংলায় চালু না হওয়ায় আগের সরকারকে আক্রমণ করেনে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পূর্বের সরকার অনিচ্ছা এবং অপদার্থতার জন্য এই প্রকল্পের অংশ হয়নি। তাতে সাগরমালা ১ হাতছাড়া হয়ে গিয়েছে। এবার কেন্দ্র সরকারের উদ্যোগে বাংলা সাগরমালা ২-এর অধীনে এল। এর অধীনে রাজ্যে ২২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প হবে বলে জানান মুখ্যমন্ত্রী।