বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার মাত্র দুই মাসের মাথায় আকস্মিকভাবে মারা গেছেন ডাচ আন্তর্জাতিক রেফারি রব ডিপেরিঙ্ক। মাত্র ৩৮ বছর বয়সে তার মৃত্যু ফুটবল অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে। যদিও সম্প্রতি একটি আইনি জটিলতায় জড়িয়ে তিনি বিশ্বকাপের দায়িত্ব হারিয়েছিলেন, পরে সেই মামলায় অব্যাহতি পান। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক শোকবার্তায় জানিয়েছে, ডিপেরিঙ্কের অকাল প্রয়াণ তাদের জন্য বড় ধাক্কা।
আরও পড়ুন:
২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক তালিকায় ছিলেন ডিপেরিঙ্ক। কিন্তু গত এপ্রিলে লন্ডনে একটি অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর মে মাসে ফিফা তাকে বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ দেয়। সে সময় তিনি ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্তিনার মধ্যকার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচে দায়িত্ব পালনের জন্য লন্ডনে অবস্থান করছিলেন।
আরও পড়ুন:
পরে তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পুলিশ মামলাটি খারিজ করে দেয় এবং তিনি অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পান।
তবে ততক্ষণে বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্ন ভেঙে যায় তার।আরও পড়ুন:
ডাচ সংবাদমাধ্যম ডি টেলেগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের মানসিক কষ্টের কথা তুলে ধরেছিলেন ডিপেরিঙ্ক। তিনি বলেছিলেন, "মিথ্যা অভিযোগ আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ আঘাত করেছে। শুরু থেকেই তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করেছি এবং ফিফা ও উয়েফাকে সব তথ্য জানিয়েছি। তারপরও বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্ত আমাকে গভীরভাবে হতাশ করেছে।"
আরও পড়ুন:
ডাচ ঘরোয়া লিগের পাশাপাশি ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছিলেন ডিপেরিঙ্ক। নির্দোষ প্রমাণিত হওয়ার পর নতুনভাবে ক্যারিয়ার গড়ার প্রত্যাশা থাকলেও তার আকস্মিক মৃত্যু ফুটবল বিশ্বে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।