ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর উচ্ছ্বাসে ভাসলেও ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে নিজের পছন্দের কথা জানালেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর ইচ্ছা, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ হোক বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আরও পড়ুন:
সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, “লিওনেল স্কালোনির সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে। তাই ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চাই।
তবে ইংল্যান্ডও সমান শক্তিশালী দল। দুই সেমিফাইনালই আসলে ফাইনালের আগের ফাইনালের মতো।”তিনি বলেন, এবারের বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে উঠেছে, যা বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা। তাই ফাইনালে যে দলই আসুক, স্পেনের জন্য লড়াইটা মোটেও সহজ হবে না।
তবে আর্জেন্টিনাকে পছন্দের প্রতিপক্ষ বললেও ইংল্যান্ডের শক্তিমত্তার প্রশংসা করতে ভোলেননি স্প্যানিশ কোচ। তাঁর কথায়, “ইংল্যান্ডের ফুটবল সামর্থ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই আমি তাদের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল বলেছিলাম। দুই দলের যেকোনো একটির বিপক্ষেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।”
ফ্রান্সের বিপক্ষে দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দে লা ফুয়েন্তে বলেন, “আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে—এটাই পার্থক্য। আমার খেলোয়াড়দের নিবেদন, পরিশ্রম ও প্রতিভা অসাধারণ। তারা দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছে।”
স্প্যানিশ ফুটবলের প্রশংসা করে তিনি আরও বলেন, “আমার কাছে স্প্যানিশ ফুটবলাররাই বিশ্বের সেরা। আক্রমণ ও রক্ষণ—দুই ক্ষেত্রেই তারা অসাধারণ দক্ষ। এই সাফল্য শুধু খেলোয়াড়দের নয়, কোচ, ক্লাব এবং গোটা স্প্যানিশ ফুটবল ব্যবস্থারও অর্জন।”
এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন। ফলে সম্ভাব্য স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।