মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের প্রথম ধাপে জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম ও অন্যান্য মার্কিন সামরিক স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করা হয়। তাদের ভাষ্য, এসব হামলায় বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে আইআরজিসির দাবি করা ক্ষয়ক্ষতির মাত্রা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসব স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে তাদের পাল্টা হামলাও চলবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক তৎপরতার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান।

এদিকে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন উপসাগরীয় দেশে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে।