পুবের কলম ওয়েব ডেস্ক: সরকারি অনুষ্ঠানে জাতীয় গান ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গাওয়ার ক্ষেত্রে এবার কড়া প্রোটোকল বেঁধে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও সরকারি অনুষ্ঠানে এই দু'টি গানই পরিবেশিত হলে প্রথমে ‘বন্দে মাতরম’ গাইতে বা বাজাতে হবে এবং তার পরে গাইতে হবে ‘জন গণ মন’। দেশের সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে এই নিয়ম পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অরবিন্দ খারে রাজ্যগুলির মুখ্য সচিব এবং কেন্দ্রীয় মন্ত্রকগুলির সচিবদের একটি চিঠি দিয়ে এই প্রোটোকলের কথা জানিয়েছেন।

চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানগুলিতে যাতে সর্বত্র সমানভাবে নির্ধারিত নিয়ম পালিত হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশিকায় এ-ও বলা হয়েছে যে, যদি কোনও রাজ্যের নিজস্ব আলাদা রাজ্য সঙ্গীত থেকে থাকে, তবে অনুষ্ঠানের শুরুতে প্রথমে সেই রাজ্য সঙ্গীত গাইতে হবে। এরপর পর্যায়ক্রমে ‘বন্দে মাতরম’ এবং সবশেষে ‘জন গণ মন’ পরিবেশন করতে হবে। গানগুলির সঠিক উচ্চারণ এবং সরকারি লিপি নিখুঁতভাবে অনুসরণ করার উপর বিশেষ জোর দিয়েছে মন্ত্রক।

এর আগে গত ফেব্রুয়ারি মাসেও স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে জানানো হয়েছিল, গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম-এর পূর্ণাঙ্গ সংস্করণ অর্থাৎ সম্পূর্ণ ছয়টি স্তবকই গাইতে হবে, যার সময়সীমা প্রায় তিন মিনিট দশ সেকেন্ড। মূলত রাষ্ট্রপতি ও রাজ্যপালদের আগমন বা প্রস্থানের সময়, বেসামরিক পদক প্রদান অনুষ্ঠানে, কুচকাওয়াজে জাতীয় পতাকা আনার সময় এবং রেডিও বা টেলিভিশনে রাষ্ট্রপতির ভাষণের আগে ও পরে এই নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে। গান পরিবেশনের সময় উপস্থিত প্রত্যেককে অবশ্যই সোজা হয়ে দাঁড়িয়ে নীরবতা পালন ও সম্মান প্রদর্শন করতে হবে বলে মনে করিয়ে দেওয়া হয়েছে। ভারতের জাতীয় প্রতীকগুলির মর্যাদা রক্ষার্থেই এই নির্দেশিকা সর্বত্র প্রচার করার কথা বলেছে কেন্দ্র।